প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৬:৪৮ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ১৬:৫১ পিএম
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে বুধবার দুপুরে তাদের সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। 
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন।” এসময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
আতিকুর রহমান জানান, সাক্ষাতে স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগসহকারে স্কাউটসের কর্মপরিকল্পনা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ঢাকায় আন্তর্জাতিক স্কাউটস সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।
সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। বৈঠকে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।