প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৫:১৬ পিএম
ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদা খানম।
ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বুধবারের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাঈল হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফরিদা খানমকে (পরিচিতি নম্বর- ১৫৯৭০) জনস্বার্থে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি বর্তমান ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একই সঙ্গে এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।