বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ২১:০৪ পিএম
স্পেনের বার্সেলোনা শহরে শুরু হওয়া বিশ্বখ্যাত গ্লোবাল সিফুড এক্সপোতে আকর্ষণীয় একটি প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্পেনের বার্সেলোনা শহরে শুরু হওয়া বিশ্বখ্যাত গ্লোবাল সিফুড এক্সপোতে আকর্ষণীয় একটি প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক মেলা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।
বার্সেলোনার ফিরা প্রাঙ্গণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় দেশের স্বনামধন্য আটটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্যাভিলিয়নটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ), যা স্পেনে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
এদিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।
এই এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য খাতের ব্র্যান্ডিং জোরদার করা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা এবং বিশ্বব্যাপী বাংলাদেশি সিফুড রপ্তানি বৃদ্ধি করা।
বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের উচ্চমানের ও টেকসইভাবে আহরিত সামুদ্রিক পণ্যসমূহ প্রদর্শিত হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের দৃষ্টি আকর্ষণ করছে।