× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, সংকটের কারণ অসাধু ব্যবসায়ী: তথ্য উপদেষ্টা

বাসস

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৫:৫২ পিএম

তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: বাসস

তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: বাসস

দেশে জ্বালানি তেলের মজুতের কোনও বড় সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, মূলত ‘প্যানিক বায়িং’ বা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার ভীতি এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতের প্রবণতাই বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।

পেট্রল পাম্পভিত্তিক সরবরাহের তুলনামূলক চিত্র তুলে ধরে উপদেষ্টা জানান, রাজধানীর পিডব্লিউডি স্পোর্টস ক্লাব (আসাদ গেইট) পাম্পে গত বছর পুরো মাসে মোট ৩ লাখ ১৫ হাজার লিটার অকটেন সরবরাহ করা হয়। কিন্তু চলতি বছর এপ্রিলের মাত্র ১৯ দিনেই ২ লাখ ৭০ হাজার লিটার সরবরাহ করা হয়েছে। ডিজেলের ক্ষেত্রেও গত বছরের পুরো মাসের সরবরাহ (২ লাখ ২১ হাজার ৫০০ লিটার) এ বছর এপ্রিলের প্রথম ১৯ দিনেই সম্পন্ন হয়েছে।

একইভাবে সততা ফিলিং স্টেশনে (তেজগাঁও) ১৯ দিনে ১ লাখ ৮০ হাজার লিটার ডিজেল এবং পূর্বাচল ট্রেডার্সে (পরিবাগ) ১৯ দিনে গত বছরের পুরো মাসের চেয়েও বেশি অর্থাৎ ৬৭ হাজার ৫০০ লিটার পেট্রোল সরবরাহ করা হয়েছে।

জ্বালানি মজুত ও সরবরাহ পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা জানান, ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেল ১ লাখ ২২ হাজার ৬৩৩ টন; অকটেন ২৭ হাজার ৬০২ টন; পেট্রল ১ লাখ ৮৪ হাজার ৫৪ টন এবং জেট ফুয়েল ২১ হাজার ৩৮২ টন মজুত রয়েছে।

উপদেষ্টা বলেন, ‘সাপ্লাইয়ের বড় কোনও সংকট নেই। নতুন জ্বালানি নিয়ে জাহাজ আসছে। কিন্তু প্যানিক বায়িংয়ের কারণে চাহিদা এখন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে।’

তিনি আরও জানান, বর্ধিত চাহিদার প্রেক্ষিতে বিপিসির অধীন কোম্পানিগুলোকে ২০ এপ্রিল থেকে বর্ধিত হারে জ্বালানি বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ডিজেল ১০%, পেট্রল ১০% এবং অকটেন ২০% বেশি হারে বরাদ্দ দেওয়া হচ্ছে।

অবৈধ মজুতবিরোধী অভিযান প্রসঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, ১৯ এপ্রিল পর্যন্ত অবৈধ মজুত সংক্রান্ত ৫৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৪৭টি মামলার বিপরীতে মোট ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৭১৫ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

উপদেষ্টা জানান, অভিযানে মোট ৫ লাখ ৬২ হাজার ৮২১ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৮০৫ লিটার ডিজেল; ৪০ হাজার ৪০১ লিটার অকটেন; ৯২ হাজার ১১৫ লিটার পেট্রল এবং চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়।

তিনি জানান, জ্বালানি বিতরণ শৃঙ্খলায় আনতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি করা হয়েছে। ঢাকা ছাড়াও এখন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহসহ প্রধান বিভাগীয় ও জেলা শহরগুলোর মোটরসাইকেল চালকরা রেজিস্ট্রেশন করতে পারছেন।

ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, বর্তমানে মোট রেজিস্ট্রেশন ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। তবে আপাতত ঢাকা জেলার ১৮টি নির্ধারিত পাম্প থেকে নিবন্ধিত চালকরা ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি তেল নিতে পারবেন।

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার ভোক্তা এবং পরিবহন মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় কাজ করছে। ভাড়া বাড়লে দ্রব্যমূল্যে তার প্রভাব পড়ার আশঙ্কা থাকে, তাই সরকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকতে বিশেষ উদ্যোগ নিয়েছে।

ব্রিফিংয়ে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত আধুনিক ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম শুরু করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। যা আকাশসীমা ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা বাড়াবে।

ব্রিফিংয়ে জানানো হয়, ইটভাটায় কৃষিজমির মাটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সুন্দরবনে দস্যুতা রোধে ‘অপারেশন রিস্টোর’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ’ অব্যাহত রেখেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। হাওর ও প্রত্যন্ত অঞ্চলে ৪০০টি ওয়াইফাই হটস্পট স্থাপন করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, স্বাস্থ্যখাতে হামের টিকা কার্যক্রম এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা