× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

খালেদা জিয়ার রোপণ করা সেই গাছ কাটার ঘটনা তদন্ত হচ্ছে

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১১:৫৫ এএম

পুলিশ হেডকোয়ার্টার্স। ছবি: সংগৃহীত

পুলিশ হেডকোয়ার্টার্স। ছবি: সংগৃহীত

পুলিশ অধিদপ্তর প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোপণ করা দুটি কাঠবাদাম গাছ কাটার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্পর্শকাতর এই ঘটনা তদন্তে অবশেষে কমিটি গঠন করেছে পুলিশ অধিদপ্তর। একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, গত ২৮ মার্চ জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি পুলিশের শীর্ষ মহলের নজরে আসে। ঘটনাটিকে ‘স্পর্শকাতর’ হিসেবে বিবেচনা করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্ত কমিটির সদস্যরা প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেছেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বিগত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় এক সফরে পুলিশ অধিদপ্তরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুটি কাঠবাদাম গাছ রোপণ করেন। পরবর্তীতে গাছ দুটি বড় হয়ে অধিদপ্তরের সামনের ফোয়ারার দুই পাশে দৃশ্যমান অবস্থায় ছিল এবং তা ‘একটি প্রতীকী স্মারক’ হিসেবেই বিবেচিত হয়েছিল।

অভিযোগ রয়েছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এক সরকারি অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ অধিদপ্তর পরিদর্শনে আসেন। তার সফরকে কেন্দ্র করে গাছ দুটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। তখন অতি উৎসাহী ও দলবাজ কর্মকর্তারা এমন যুক্তি তুলে ধরেন যে, পূর্ববর্তী সরকারের ‘প্রতীকী চিহ্ন’ রাখা সমীচীন নয়।

এই প্রেক্ষাপটে পুলিশ অধিদপ্তরের তৎকালীন একজন সহকারী মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা গাছ কাটার সিদ্ধান্ত বাস্তবায়নে নেপথ্যে ভূমিকা রাখেন বলে অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তা পরবর্তী সময়ে অতিরিক্ত ডিআইজি পদে উন্নীত হন। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ওই কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় ঊর্ধ্বতন পর্যায়ে প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখতেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানো, নির্দিষ্ট কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া এবং পেশাদার কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রতিবেদন দেওয়ার অভিযোগও রয়েছে। এরপরও অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে ভোল পাল্টে বিভিন্নভাবে প্রভাবিত করতে সচেষ্ট রয়েছেন তিনি। 

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তৎকালীন পুলিশ অধিদপ্তরে গাছ কাটার ঘটনাটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত ছিল নাকি রাজনৈতিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগে উল্লিখিত কর্মকর্তার ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং তৎকালীন প্রেক্ষাপট বিশ্লেষণ করা হবে।

এ বিষয়ে পুলিশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে শীর্ষ পুলিশ কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা বিশেষ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করবেন।’

সূত্র বলছে, তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রতীকী বিষয় যেমন স্মারক, স্থাপনা বা নামকরণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণ করা জরুরি। অন্যথায় এ ধরনের পদক্ষেপ সহজে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে এবং প্রতিষ্ঠানের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা