প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১৭:৩৫ পিএম
ফারজানা সিঁথি। ছবি: ফেসবুক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত হয়েছেন ছাত্র আন্দোলনে আলোচিত মুখ ফারজানা সিঁথি।
দলটির পক্ষ থেকে সোমবার সংরক্ষিত নারী আসনের ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হলেও সেখানে তার নাম দেখা যায়নি।
এর আগে, গত ১১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সিঁথি। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় থাকা এই প্রার্থীর মনোনয়ন কেনা নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত তার সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হলো না।
মনোনয়ন ফরম তোলার পর তিনি জানিয়েছিলেন, ‘নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো’।
তবে মনোনয়ন না পাওয়ার পর আজকে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব”।
২০২৪ সালে আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন শাহবাগ থানা এলাকায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিঁথি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি। পরে অবশ্য তোপের মুখে ক্ষমাও চান।
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী ফারজানা সিঁথির বাড়ি যশোরে। এর আগে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।