বগুড়া অফিস
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১২:৩০ পিএম
বগুড়ায় সোমবার আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটেই বের হন তিনি, যা উপস্থিত নেতা-কর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। বাইরে অপেক্ষমাণ হাজারো নেতা-কর্মী তাকে স্বাগত জানান।
এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং অনেকেই তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। কেউ ফুল ছিটিয়ে তাকে বরণ করেন, আর চারপাশে শ্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।
প্রায় পাঁচ মিনিটের এই পথ তিনি হেঁটেই অতিক্রম করে বগুড়া জেলা আদালত চত্বরে পৌঁছান। সেখানে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ সকাল সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১২টার দিকে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
বিকাল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দিনের সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।