প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ০৯:০৩ এএম
সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে খসড়া প্রস্তাব চূড়ান্ত করবে। পরিবহন মালিক সমিতির সঙ্গে রবিবার বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাস ও ট্রাকের ভাড়া বাড়ানোর দাবি নিয়ে গতকাল বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মালিকরা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিআরটিএ’র চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা।
সভায় মালিক সমিতির পক্ষ থেকে করা প্রস্তাব বিশ্লেষণ করা হয়। তবে ভাড়া কী হারে বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিআরটিএ’র একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহন মালিকদের দাবি সমন্বয় করে একটা প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিআরটিএ’র পাঠানো খসড়া প্রস্তাবের আলোকে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভাড়া বৃদ্ধির বিষয়ে।
বর্তমানে দেশে দূরপাল্লার রুটের জন্য সরকার-নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে দেয় না। ট্রাক-কাভার্ড ভ্যানসহ মালাবাহী যানের ভাড়াও সরকার ঠিক করে দেয় না।
৪২ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়াতে চান লঞ্চমালিকরা
এদিকে দেশে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। তারা যাত্রীদের ভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়ে গতকাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।
লঞ্চ মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে। এর ফলে লঞ্চ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে প্লেট, এল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ফুয়েলিং রড, গ্যাস, রঙ ও অন্যান্য যন্ত্রাংশের দামও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
লঞ্চ মালিকদের প্রস্তাব অনুযায়ী, যাত্রীভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বেশি। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৩৮ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি। এ ছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকার পরিবর্তে ৩৫ টাকা নির্ধারণের অনুরোধ করা হয়েছে।