সংসদ প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২১:২১ পিএম
কক্সবাজার বিমাবন্দর। ছবি: সংগৃহীত
কক্সবাজার বিমাবন্দরে আবারও চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। কয়েক মাসের মধ্যেই এই ফ্লাইট চালু হবে।
জাতীয় সংসদ অধিবেশনে কক্সবাজার-৪ আসনের সাংসদ শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে বুধবার এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, “কয়েক মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
মন্ত্রী বলেন, “বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে আন্তর্জাতিক নিয়ম-নীতি ও উপযুক্ততা যাচাই করে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ওরগানাইজেশনের সদনপত্র নেওয়া হয়েছে। বিমানবন্দরের পূর্ণলোডে সুপরিসর বিমান অবতরণ ও উড্ডয়ন নিশ্চিত করাসহ অপারেশনাল সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট হতে ১০ হাজার ৭০০ ফুটে বর্ধিত করা হয়েছে।”
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তন বিশিষ্ট নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে জানান মন্ত্রী।
“অপারেশনাল সুবিধাদিসহ টেস্টিং, কমিশনিং করে পুরোদমে চালু করতে কয়েক মাস সময় লাগবে”, বলেন আফরোজা খানম।
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক খেতাব পাওয়ার ১২ দিনের মাথায় তা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরটিকে ফের আন্তর্জাতিক খেতাব ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে সরকার।”