প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২০:০৬ পিএম
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভূমি মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকের যৌথ আয়োজনে বুধবার ‘বাংলাদেশে ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে নিয়মতান্ত্রিক ডিজিটাল কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ও হয়রানিমুক্তভাবে ক্ষতিপূরণ দিতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হচ্ছে।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভূমি মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকের যৌথ আয়োজনে বুধবার ‘বাংলাদেশে ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।
তিনি বলেন, দেশে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনো অনেক ক্ষেত্রে সময়সাপেক্ষ, জটিল এবং নাগরিকদের জন্য কষ্টকর।
“ভূমি শুধু একটি প্রশাসনিক সম্পদ নয়; এটি মানুষের জীবিকা, সম্মান, সামাজিক নিরাপত্তা ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত,” বলেন তিনি।
সিনিয়র সচিব আরও বলেন, সরকার এখন এডহক পদ্ধতি থেকে বেরিয়ে একটি টেকসই ও নিয়মভিত্তিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও ভূমি হুকুম দখল বিধিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে।
তিনি জানান, নতুন ব্যবস্থায় ক্ষতিপূরণ প্রদানে দীর্ঘসূত্রিতা ও হয়রানি কমবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। মতবিনিময় কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশগুলো একটি দক্ষ ও বাস্তবভিত্তিক ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া গড়ে তুলতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি কুমার তাদিমাল্লা, ডং কিউ কোয়াক ও মো. আক্তারুজ্জামান বক্তব্য দেন।
এতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।