চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ পিএম
জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার। ছবি: বাসস
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও দেশের জ্বালানি সংকটের মধ্যে ৬৬ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও দুটি জাহাজ।
‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি মঙ্গলবার রাত ১১টায় বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। এরপর ডলফিন জেটিতে আনার জন্য বুধবার সকালে পাইলট বোট পাঠানো হয়েছে। একই দিন ৩২ হাজার টন ডিজেল নিয়ে বহির্নোঙরে আসে ‘এমটি টর্ম দামিনি’ জাহাজ। বর্তমানে বহির্নোঙরে জাহাজটি থেকে তেল খালাস চলছে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা এ তথ্য জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার সকালে ১১ হাজার টন জেট ফুয়েল এমটি গ্রেট প্রিন্সেস’ নামের আরেক জাহাজ বন্দরে আসে বলেও তিনি জানান।
ফারজিন হাসান মৌমিতা জানান, মঙ্গলবার জ্বালানি তেল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। তিনটির জাহাজের দুটিতে ৬৬ হাজার টন ডিজেল, অন্যটিতে ১১ হাজার টন জেট ফুয়েল আমদানি করা হয়। ডিজেল নিয়ে আসা দুটি জাহাজের মধ্যে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
তিনি আরও জানান, ডলফিন জেটিতে আনার জন্য বুধবার সকালে পাইলট বোট পাঠানো হয়েছে। ‘এমটি টর্ম দামিনি’ নামের অপর জাহাজটিতে আনা হয়েছে ৩২ হাজার টন ডিজেল। মঙ্গলবার ল বহির্নোঙরে আসার পর জাহাজটি থেকে এখন তেল খালাস চলছে। এছাড়া ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের আরেকটি জাহাজে করে ১১ হাজার টন জেট ফুয়েল আমদানি করা হয়। বন্দরের ৬ নম্বর ডলফিন জেটিতে জাহাজটি থেকে তেল খালাস করা হচ্ছে।