প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১২:২৩ পিএম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন কর্মসূচি শুরু হতে যাচ্ছে ১ জুলাই থেকে। ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে দেশে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে।
জাতীয় সংসদে বুধবার সকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের ইশতেহারে দেশের প্রাথমিক শিক্ষার মান ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন।
এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় এর মধ্যে এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নতুন কর্মসূচি শুরু হলে অবশিষ্ট শিক্ষকদেরও পর্যায়ক্রমে ইংরেজি প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এতে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ সদস্যরা।