× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল-মতের ঊর্ধ্বে দেশকে ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ২১:০২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্য দেন। ছবি: বাসস/পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্য দেন। ছবি: বাসস/পিএমও

সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং কর্মে, সততায়, শপথে ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার নির্দেশনা দেন।

ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে রবিবার এক দরবারে তিনি এ নির্দেশনা দেন। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব”।

এ সময় দেশের জন্য একটি ‘আধুনিক ও সময়োপযোগী’ সশস্ত্র বাহিনী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম”।

তারেক রহমান বলেন, “আগামী দিনে আধুনিক, সুশৃঙ্খল এবং পেশাদার সশস্ত্র বাহিনী দেশপ্রেমে অনঢ় থাকে তাহলে বাংলাদেশ আরও নিরাপদ থাকবে, আরও মর্যাদাশীল হবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময়োপযোগী বাহিনী হিসেবে গঠন করতে বদ্ধপরিকবর”।

সশস্ত্র বাহিনীর সর্বস্তরের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের প্রাপ্য সম্মান ও পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার সর্বদা দায়িত্বশীল থাকবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, আপনারা দলমতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ভালোবাসবেন। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও সর্বক্ষেত্রে দেশের স্বার্থকে সবার উপরে স্থান দেবেন। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ”।

বাংলাদেশ এগোবে দেশপ্রেমের শক্তিতে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আজকের এই দরবার থেকে আমি একটি বার্তা দিতে চাই, বাংলাদেশ এগোবে শৃঙ্খলা, সক্ষমতা, আত্ম মর্যাদা এবং দেশ প্রেমের শক্তিতে। আর সেই অগ্রযাত্রায় আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে আপনাদের গৌরবময় সশস্ত্র বাহিনীকে পাশে পেতে চাই”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা