× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’, হাসনাতকে স্পিকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ২২:১৪ পিএম

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। হাসনাত আবদুল্লাহকে স্পিকার স্মরণ করিয়ে দিয়ে বলেন, “দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট” (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)।

জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে শুক্রবার মাগরিবের নামাজের পর জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এ কথা বলেন স্পিকার।

বিরোধী দলের অভিযোগ, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস করেছে। এর প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েক দফায় বক্তব্য দেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও পাল্টা জবাব দেন। এ নিয়ে উভয় পক্ষে প্রায় ৪০ মিনিট বিতর্ক হয়।

দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদকে খুবই সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর বলেও অভিহিত করেন। স্পিকারের বক্তব্যের সময় জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও এনিসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন।

এ সময় স্পিকার হাসনাত আবদুল্লাহর উদ্দেশে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

স্পিকারের এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন। তিনি বলেন, ‘এখানে (সংসদে) মৌখিক কথা বলার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দেবেন, আমরা তা আমলে নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা