× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির বাদশার বড় জয়

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২১:২৬ পিএম

রেজাউল করিম বাদশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রেজাউল করিম বাদশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল ৫৭ হাজার ১৫৯ ভোট এবং ফুলকপি প্রতীকের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ৫২৬ ভোট পেয়েছেন। 

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে,  বগুড়া উপনির্বাচনে মোট একটি পোস্টাল ব্যালটসহ ১৫১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪২ দশমিক ৫৮ শতাংশ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছিল ৭১ দশমিক ১৫ শতাংশ।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরুর প্রথম তিন ঘণ্টায় ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। 

ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি অভিযোগ করেন, কেন্দ্র দখল, প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে আগাম ফলাফলের কাগজে স্বাক্ষর নেওয়া, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং নারী এজেন্টদের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাঁর দাবি, দুপুরের পর থেকে বিরোধী দলের উপস্থিতি প্রায় শূন্য করে দিয়ে নির্বিঘ্নে জাল ভোট দেওয়া হয়েছে।

ফল ঘোষণার আগেই সন্ধ্যায় তাঁর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবিদুর রহমান সোহেল এই নির্বাচনকে “ইতিহাসের নিকৃষ্টতম ভোট জালিয়াতি” বলে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেন, সরকারি দল বিএনপি এবং রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। তবে এসব অভিযোগের মধ্যেও ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ফলাফল পর্যন্ত থাকার কথা জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী অংশগ্রহণমূলক গণতন্ত্রে বিশ্বাসী বলেই এই নির্বাচনে শেষ পর্যন্ত ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের মতপ্রকাশের সুযোগ সীমিত—এই বার্তাটি জাতির সামনে তুলে ধরাই ছিল তাঁদের উদ্দেশ্য।

অন্যদিকে,  জেলা রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এসব অভিযোগ নাকচ করে বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। তাঁর দাবি, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ছোটখাটো অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা