প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২০:৩৬ পিএম
প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
উত্তরার বামনারটেক এলাকার বস্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের ২টি এবং টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করে। প্রায় ৪৭ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুনের সূত্রপাতের কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।