প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২০:০৩ পিএম
শিশু রাতুল ও বৃদ্ধা শাহনূর বেগমের পাশে দাড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
“পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকার খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের সাথে সাক্ষাৎ করতে যায় একটি প্রতিনিধি দল।
রাতুলের অসুস্থ পিতা মোহাম্মদ রাব্বির সাথে সাক্ষাৎ করেন তারা। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি রাতুলের পড়াশোনার দায়িত্ব নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
এদিন প্রতিনিধি দলটি আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমেরও সার্বিক খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।