× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রজ্ঞার বিবৃতি

কাটছাঁটহীন তামাক নিয়ন্ত্রণ আইন অধ্যাদেশ পাস করতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৮:৪৭ পিএম

কাটছাঁটহীন তামাক নিয়ন্ত্রণ আইন অধ্যাদেশ পাস করতে হবে

কোন প্রকার কাটছাঁট ছাড়াই জাতীয় সংসদের চলতি অধিবেশনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৫’- পাসের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি বিষয়ক প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও তামাকবিরোধী সংগঠনগুলো।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়েছে।

প্রজ্ঞা জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৫’-এর গেজেট প্রকাশিত হয়েছে। এটি তামাক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার কর্তৃক অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত “স্পেশাল কমিটি ফর রিভিউ দি অর্ডিনেন্স” অধ্যাদেশটি পর্যালোচনা করে ধারা ২(গ) ও ধারা ৬(গ) সংশোধন করে সংসদে উপস্থাপনের সুপারিশ করে।

এরই পরিপ্রেক্ষিতে ৭ এপ্রিল ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়। তবে বিলটি উত্থাপিত হলেও সেদিন পাস হয়নি। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী আইনের ধারা ২(গ)-এর ব্যাখ্যা থেকে ‘ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম’ এবং ‘হিটেড টোব্যাকো প্রডাক্ট’-এর সংজ্ঞা বাদ দেওয়া হয় এবং ধারা ৬(গ), যা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ও অন্যান্য ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট নিষিদ্ধের বিধান সংক্রান্ত, সেটিও বাতিল করা হয়। 

প্রজ্ঞা জানায়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিলটি অধিকতর সংশোধনের জন্য রেখে পরবর্তী সময়ে পাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত আইন থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ ধারা—ধারা ৬(ছ), যেখানে বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্যাকেট, কৌটা, খালি বা নমুনা মোড়ক প্রদর্শন নিষিদ্ধ করার বিধান রয়েছে, এবং ধারা ৭(ক), যেখানে পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান না রাখার বিধান অন্তর্ভুক্ত—এই দুটি ধারাও বাতিল করার চেষ্টা চলছে। 

বিশেষজ্ঞদের মতে, এসব ধারা বাদ দেওয়া হলে তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়বে এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য ব্যাহত হবে।

প্রজ্ঞাসহ অন্যান্য তামাকবিরোধী সংগঠনসমূহের দাবি, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে নতুন সরকার ও সংসদ যেন এই জনবান্ধব অধ্যাদেশটি কোনো প্রকার কাটাছেঁড়া বা বিলম্ব ছাড়াই দ্রুত পাস করে। তাদের মতে, একটি শক্তিশালী, সময়োপযোগী ও প্রমাণভিত্তিক তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, যা দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা