চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ২৩:৫৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোগো ও চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের বিশেষ আমন্ত্রণে ২০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আগামী ১৬ এপ্রিল চীন সফরে যাচ্ছেন বিএনপি ও সরকারের শীর্ষ নেতৃবৃন্দ। বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দেশটিতে এটিই দলটির প্রথম আনুষ্ঠানিক সফর।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন সরকারের উচ্চপদস্থ উপদেষ্টা, সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল পর্যন্ত এই সফর চলবে। সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
প্রতিনিধি দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন সরকারের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এছাড়া আরও রয়েছেন—বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বেবী নাজনীন, বিএনপি যুগ্ম মহাসচিব— খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সাবেক এমপি ও প্রশিক্ষণ সেল বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য (এমপি) সৈয়দ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রীর এপিএস, মো. ইউনুস আলী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।