বাড়তে পারে বিমান ভাড়া
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৮:৩৩ পিএম
বিমানে জেট ফুয়েল নিচ্ছেন একজন কর্মী। ছবি: জেট এভিয়েশন
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। এবার অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারে ২৪ টাকা ৭৯ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম দাঁড়িয়েছে ২২৭ টাকা ৮ পয়সা, যা আগে ছিল ২০২ টাকা ২৯ পয়সা।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, নতুন এই মূল্য এদিন রাত ১২টা থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক রুটের জ্বালানি মূল্যেরও পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.৩২১৬ যুক্তরাষ্ট্র ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
জ্বালানির এই দফায় মূল্যবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটে উড়োজাহাজের ভাড়া আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত ২৪ মার্চ বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়েছিল। সে সময় অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল।