কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৭ পিএম
তিন বাসে আগুন লাগার ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, আশেপাশে ভিড় করছে উৎসুক জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের তিন বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়ায় রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস।
তিনি বলেন, “ দুপুর ১ট ২৫ মিনিটে আমরা প্রথম অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ইপিজেড এলাকার ফায়ার স্টেশনকে খবর দেওয়া হয়। সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে বাগিচাগাঁও স্টেশন থেকে আরও একটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি”।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দুপুর দেড়টার দিকে টার্মিনালে দাড়িয়ে থাকা রয়েল পরিবহনের তিনটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। তাদের দাবি বাসগুলোর কাছে বখাটেরা বসে মাদক সেবন করছিল। এ সময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
তাদের ভাষ্য, আগুন দৃশ্যমান হওয়া সঙ্গে সঙ্গে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে তিনটি বাসই পুড়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনা ঠিক কীভাবে হয়েছে এখনই বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে আগুনে সূত্রপাত তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। অপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না”।