প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৩:২৪ পিএম
অটিজম নিয়ে সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে জোর দেন বক্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অটিজমসম্পন্ন ব্যক্তিদের অধিকার রক্ষা, মর্যাদা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘অটিজম ও মানবতা: সমান মর্যাদার বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাটি শুক্রবার আয়োজন করে ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইনোভেশনস ইন টেকনোলজি অ্যান্ড হেলথ (ফেইথ বাংলাদেশ)।
২০১৪ সাল থেকে সংগঠনটি অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে কাজ করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মুশায়লা করিম, ড. মো. সবুর খান এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ইমদাদুল হক তালুকদার।
সভাপতিত্ব করেন ফেইথ বাংলাদেশের চেয়ারপারসন ডা. আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ।
এ সময় দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, অটিজম কেবল একটি স্বাস্থ্যগত বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যু। অটিজমসম্পন্ন শিশুদের অভিভাবকদের মানসিক চাপ ও সামাজিক প্রতিবন্ধকতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
প্রতিনিয়ত তাদের যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তা নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই বাস্তবতা বোঝার জন্য সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
বক্তারা সামাজিক কুসংস্কার, বৈষম্য এবং সচেতনতার ঘাটতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে অটিজমসম্পন্ন ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান তারা।
তারা উল্লেখ করেন, সঠিক উদ্যোগ গ্রহণ করা হলে অটিজমসম্পন্ন ব্যক্তিরাও সমাজের মূলধারায় সমানভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবে।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছে অরবিস ইন্টারন্যাশনাল, ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা, ইনার হুইল ক্লাব অব ওয়াসিস ঢাকা ও ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ফেইথ বাংলাদেশের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।