× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি আসছে, তবুও ভোগান্তি কমছে না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১০:১০ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১০:১৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেল সংকট কাটছে না। সরকার বার বার মজুদ স্বাভাবিক বা পর্যাপ্ত আছে বললেও বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ পাম্পে ঝুলছে ‘তেল নেই’। যেসব পাম্পে তেল আছে, সেখানেও দীর্ঘ লাইন। এর মধ্যেও চলছে অবৈধ মজুদ ও কালোবাজারে তিনগুণ দামে বিক্রি।

তবে এরই মধ্যে গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এক অনুষ্ঠানে জানিয়েছেন উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে চাপ বাড়ছে, তাই দেশের স্বার্থে শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয় করা হতে পারে। এ ছাড়াও জ্বালানি ও সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কার্যক্রমে গাড়ির জন্য মাসিক বরাদ্দ করা জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়াও বন্ধ থাকবে। মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এসব সিদ্ধান্ত হয়েছে বলে শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। 

অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের তৈরি করা : দেশের ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘অকটেনের ক্রাইসিস যেটা, এটা হচ্ছে মোটরসাইকেল চালকদের নিজস্বভাবে তৈরি করা ক্রাইসিস।’ গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইলের প্রধান কাঁচাবাজার ‘পার্ক বাজার’ পরিদর্শনকালে তিনি আরও বলেন, ‘তারা (চালক) মোটরসাইকেলে দিনে দুই-তিনবার তেল নিয়ে বাসায় রিজার্ভ করছে। আতঙ্কের মধ্যে...!’ আমি শুধু এইটুকু অনুরোধ করব, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেইন ঠিক আছে। 

আগামী তিন মাস পর্যন্ত তেলের মজুদ আছে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘এরপরেও সরকার ঝুঁকি নিচ্ছে না। কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদি হয়, সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এজন্য সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে।’

চাষিদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ দেওয়ার ঘোষণা : কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখে সরকার নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে। গতকাল ফরিদপুরে তিনি আরও বলেন, পৃথিবীর সব দেশেই সংকট চলছে। সব দেশে তেলের দাম বেড়েছে। এখন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায়নি। সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে, তবে সকলকে মনে রাখতে হবে সময়টা গরম, এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চায়। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমি স্থানীয় প্রশাসনকে বলব, জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে মনিটরিং করতে হবে।

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজান টন ডিজেল : সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গতকাল শুক্রবার দুপুর দুটার দিকে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি এসে পৌঁছে। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। জ্বালানি তেল আমদানি ও সরবরাহের কাজটি করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির তথ্যমতে, এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। ইতোমধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে প্রায় দেড় লাখ টনের মতো ডিজেল মজুদ রয়েছে।

ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চরম সংকট, ভোগান্তিতে বাইকাররা : দেশে জ্বালানি তেল নিয়ে মানুষের আতঙ্ক কাটছে না। সরকার বার বার মজুদ স্বাভাবিক বা পর্যাপ্ত মজুদ আছে বললেও বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ পাম্পে ঝোলানো ‘তেল নেই’। যেসব পাম্পে তেল আছে সেখানে দীর্ঘলাইন। এর মধ্যেও চলছে অবৈধ মজুদ ও কালোবাজারে তিনগুণ দামে বিক্রি। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পের সামনে গিয়ে চিত্র প্রায় একই। গতকাল শুক্রবার রাজধানীর সাতরাস্তা ও কুড়িল বিশ্বরোড এলাকাতে সরেজমিনে মোটরসাইকেল চালকদের বিশাল লাইন দেখা গেছে। তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। 

মন্ত্রীদের গাড়ির মাসিক জ্বালানি ৩০ শতাংশ কমল, কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ বন্ধ : সরকারি তথ্য বিবরণীতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের আলোকে মন্ত্রিসভায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনে বিদ্যুৎ বিভাগের সমন্বিত কর্মকৌশলে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কৃষিজমিতে সেচ সুবিধা দেওয়া, সারের উৎপাদন, মজুদ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা, শিল্প উৎপাদন ও প্রবৃদ্ধি বজায় রাখার স্বার্থে শিল্প খাতে প্রয়োজনীয় জ্বালানির জোগান অগ্রাধিকার ভিত্তিতে অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, আগামী তিন মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। আলোকসজ্জা পরিহারসহ বিদ্যুৎ সাশ্রয়ে গৃহীত কর্মকৌশল বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রচার কার্যক্রম গ্রহণ করবে। প্রয়োজনে পর্যাপ্তসংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

অফিস সময় ও বিপণিবিতান : সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর জরুরি সেবা ব্যতীত সব অফিস ভবন, বিপণিবিতান, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা-বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের বরাত দিয়ে তথ্য বিবরণীতে আরও বলা হয়, জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশদূষণ কমাতে পরিবেশবান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকল্যে ২০ (বিশ) শতাংশ শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কালো ধোঁয়া নির্গমনকারী, মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলো ক্রমান্বয়ে সড়ক থেকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিপণিবিতানগুলো সন্ধ্যা ৬টায় বন্ধের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন করবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা ইনসিকিউর হয়ে পড়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সচিব জানান। তিনি জানান, সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে Ñঅর্থমন্ত্রী : উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে চাপ বাড়ায় দেশের স্বার্থে শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকালে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় সরকারকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।

তিনি বলেন, ‘সরকারি তহবিল যদি এভাবে উচ্চমূল্যে ক্রয়ের কারণে ক্ষয় হতে থাকে, তাহলে উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সহায়তা কার্যক্রম ব্যাহত হবে। তাই দেশের স্বার্থে একটি পর্যায়ে গিয়ে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হবে।’

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ জ্বালানি ওই অঞ্চল থেকে আসে, তাই সরবরাহ নিশ্চিত করতে সরকারকে বিকল্প উৎস থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা