প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২০:৪৬ পিএম
সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে জামিন দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট বিচারক আরিফুর রহমানের আদালত বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে। পরদিন তেজগাঁও থানার একটি হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ৩০ অক্টোবর তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল (২৯)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৮৪ জনকে আসামি করা হয়েছে।