বাসস
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৫:৪৯ পিএম
দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে। প্রতীকী ছবি
সারাদেশে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, মজুত করা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল- ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, যা মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশ। পর্যাপ্ত ডিজেল মজুত থাকায় কৃষি, পরিবহন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এছাড়া, অকটেনের মজুত রয়েছে ৯ হাজার ২১ টন, যা ব্যক্তিগত যানবাহন ও উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের চাহিদা পূরণে যথেষ্ট। পেট্রোলের মজুত ১২ হাজার ১৯৪ টন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেট ফুয়েলের মজুত রয়েছে ৪১ হাজার ৮৭৬ টন, ফার্নেস অয়েল ৫৮ হাজার ৭৩৬ টন, কেরোসিন ৯ হাজার ৩৭৮ টন এবং মেরিন ফুয়েল ১ হাজার ১৫৩ টন।
যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমান মজুত দেশের জ্বালানি চাহিদা পূরণে পর্যাপ্ত।