খুলনা অফিস
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৫:৪৭ পিএম
খুলনায় প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ হুরে জান্নাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ হুরে জান্নাত।
বিদায়ী জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের স্থানে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
মিজ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা দিনাজপুর।
এর আগে গত রবিবার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে দেশের আরও ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।