প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২১:২০ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ফটো/বাসস
ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে।
ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বুধবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, “এবারের ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং, কারণ দেড় কোটি মানুষ ঢাকার বাহিরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে”।
উত্তরাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় নাকি সেটি চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এর জন্য কোনো অতিরিক্ত ব্যয় করবে না সরকার”।
এছাড়া বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন সড়ক ও সেতু মন্ত্রী।