× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১২:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইলিশ সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধিতে আগামী ৭ এপ্রিল শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। সপ্তাহটি উপলক্ষে সংবাদ সম্মেলন, র‌্যালি, সভা-সেমিনারসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

সপ্তাহটি পালন উপলক্ষে গত ৮ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব (রুটিন দ্বায়িত্ব) ইমাম উদ্দিন কবীরের সভাপতিত্বে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ১১ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাক্ষরে টাস্কফোর্স কমিটির কার্যবিবরণী মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে প্রকাশ করা হয়।

সভার কার্যবিবরণীতে জানানো হয়, এবারের জাটকা সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এ বছর মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট ও সিরাজগঞ্জসহ মোট ২০টি জেলায় "জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬" উদযাপিত হবে।

সপ্তাহটি পালন উপলক্ষে আগামী ৬ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন। পরদিন ৭ এপ্রিল বেলা ১১ টায় চাঁদপুর সদরের মোলহেডে কেন্দ্রীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান ও সংলগ্ন নদীতে নৌ-র‍্যালির আয়োজন করা হবে।

সভায় জানানো হয়েছিল ২০২৫ সালে মোট ২০টি জেলায় ৮-১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হয় এবং বরিশাল সদর উপজেলায় কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠান ও নৌ-র‍্যালির আয়োজন করা হয়েছিল।

সভায় আলোচনা হয়, জাটকা সমৃদ্ধ নদ-নদীতে মার্চ ও এপ্রিল মাসে জাটকার প্রাচুর্যতা দেখা যায় এবং জাটকার জন্য ৫ টি অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল ২ মাস জাটকাসহ সকল প্রকার মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এ সময় নদ-নদীতে জাটকার আধিক্য বেশি থাকায় জেলেসহ সকল মৎস্যজীবী ও জনসাধারণের কাছে ইলিশ তথা মৎস্য সম্পদের উন্নয়নে অবৈধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক ও জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরতে ২০০৭ সাল থেকে প্রতিবছর জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হয়ে আসছে।

এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন মৎস্য অধিদপ্তরের ইলিশ ব্যবস্থাপনা শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আবুল কালাম আজাদ। সভায় ইমাম উদ্দিন কবীর বলেন, বিবেক দিয়ে কাজ করা হলে আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়া সম্ভব। জাটকা সংরক্ষণের সরকারি উদ্যোগের পাশাপাশি কোন বাজার বা আড়তে জাটকা যাতে বিক্রি না হয় সেটি নিশ্চিত করার জন্য মৎস্যজীবী এবং আড়তদার সমিতিকেও সচেতন থাকার অনুরোধ করেন তিনি।

মোঃ আবুল কালাম আজাদ বলেন, চাঁদপুরের সদর ও হাইমচর এবং বরিশালের মেহেন্দীগঞ্জে জাটকা সবচেয়ে বেশি পাওয়া যায়। অধিক জাটকা পাওয়া যায়, এরূপ এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার বিষয়ে জিরো টলারেন্স দেখানোর নির্দেশনা থাকা দরকার।

সভায় বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি জানান, জাহাজ নোঙ্গর করার জন্য চাঁদপুরে একটি পল্টুন আছে যা যথেষ্ট নয়। সেখানে আরেকটি পল্টুন প্রয়োজন। জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সভাপতি মোঃ সোলাইমান বলেন, জাটকা যেন জেলেরা না ধরে তার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। এর জন্য বেশি করে সমাবেশ ও উদ্বুদ্ধকরণ সভা করতে হবে।

সভায় সিদ্ধান্ত হয়, জেলা পর্যায়ে ১৯টি জেলার প্রতিটি থেকে ১ টি করে উপজেলায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেসব জেলা/উপজেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) এর মৎস্য অবতরণ কেন্দ্র আছে সেখানে মৎস্য অধিদপ্তর বিএফডিসির সাথে সমন্বয় করে অনুষ্ঠান পরিচালনা করবে। তা ছাড়া সাত দিনব্যাপী জাটকা সমৃদ্ধ এলাকার মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে জাটকা আহরণ/ক্রয়/বিক্রয়/পরিবহন/ভক্ষণ ইত্যাদি থেকে বিরত থাকার বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ ছাড়াও জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ শুরুর সাত দিন পূর্ব থেকে সপ্তাহব্যাপী মাইকিং, লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শন ও স্থানীয় পত্র/পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ ইত্যাদি প্রচার-প্রচারণা কার্যক্রম চলবে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে সাতদিনব্যাপী জাটকা রক্ষায় মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ইলিশ ব্যবস্থাপনা শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার প্রতিদিনের বাংলাদেশের প্রশ্নের জবাবে জানান, ৭ এপ্রিল চাঁদপুরের মেলহেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে- জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রচার ও বিভিন্ন ধরনের সভা-সেমিনারের মাধ্যমে জেলেসহ বিভিন্ন মানুষ ইলিশের জাটকা সংরক্ষণে উদ্বুদ্ধ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা