প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২১:৪৪ পিএম
মুষলধারে বৃষ্টি পড়ছে। ফাইল ফটো/ইউএনবি
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন বিভাগে মঙ্গলবার থেকে আগামী ৫ দিন টানা বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তা ছাড়া এদিন ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বরিশালে বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তা ছাড়া ঢাকায় ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত হতে পারে।
বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।