বাসস
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২০:৪৫ পিএম
আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: বাসস
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মাল্টার রাষ্ট্রদূত (ভারত ও বাংলাদেশ) রিউবেন গাউচি।
পুলিশ সদর দপ্তরে সোমবার তিন সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি এই সাক্ষাৎ করেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার ক্রাইম, মানবপাচার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পুলিশের ভাবমূর্তি ও সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।