বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৯:০৬ পিএম
জাতীয় সংসদে সোমবার প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
দেশে আর কোনো ধরনের ‘মব কালচার’ হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি-দাওয়া নিয়ে সেমিনার বা সিম্পোজিয়াম হতে পারে, কিন্তু রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো দাবি আদায় করা যাবে না। সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।
জাতীয় সংসদে সোমবার প্রশ্নোত্তর পর্বে ব্যারিস্টার রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ‘মব কালচার’কে উৎসাহিত করা হচ্ছিল বিশেষ কারণে, আমরা এটা হতে দিতে পারি না।
“এ নিয়ে আমি জাতীয় সংসদে ৩০০ বিধিতে একটি বিবৃতি দিবো। সেখানে বিস্তারিত বলা হবে”।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, “পুলিশ বাহিনীকে কীভাবে একটি সুশৃঙ্খল, জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনীতে রূপান্তর করা যায়—এটি একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ রাজনৈতিক প্রশ্ন”। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে হলে আলাদা নোটিশ আকারে অথবা প্রশ্নোত্তর পর্বে উপস্থাপনের আহ্বান জানান তিনি।