বিবিসি বাংলা
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৭:৪০ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬ ১৭:৪৭ পিএম
৬ মাস বয়সী শিশুদেরও দেওয়া হবে হামের টিকা। ছবি: বিবিসি বাংলা
দেশে সম্প্রতি হামের সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ ব্যবস্থায় এখন ৬মাসের শিশুকে হামের টিকা দেয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সোমবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত প্রচলিত ব্যবস্থায় দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ থেকে ১৫মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়া হতো। বর্তমান পরিস্থিতিতে নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে বিশেষ ক্যাম্পেইন চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
বিশেষ এই ক্যাম্পেইন কর্মসূচি জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। সেই সঙ্গে এক মাস ধরে চলবে। কর্মসূচির আওতায় প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে দেশে ৯মাস বয়সে শিশুদের হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়।
“তবে চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে ৬মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির মাধ্যমে টিকা পাবে” বলেন তিনি।