বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ০৯:০৭ এএম
সংসদ অধিবেশন। ফাইল ছবি
ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ সংসদের অধিবেশন আজ রবিবার বেলা ৩টায় আবার বসছে। এটি প্রথম অধিবেশনের তৃতীয় কার্যদিবস। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সংসদের চলতি অধিবেশন অব্যাহত থাকবে।
জাতীয় সংসদের চলতি অধিবেশন নানা ইস্যুতে উত্তপ্ত হতে পারে। এর মধ্যে বিগত অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর কয়েকটি বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার এবং ঐকমত্য কমিশনে দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ অনুযায়ী সংশোধনের উদ্যোগ নেওয়ায় এ বিষয়ে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদে তীব্র আপত্তি জানাতে পারে।
বিশেষ করে গণভোট অধ্যাদেশ ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন-সংক্রান্ত অধ্যাদেশগুলোতে পরিবর্তন আনতে চায় বিএনপি। তবে জামায়াতের দাবি, সংশোধন বা আলোচনার নামে সংসদে উত্থাপনের মাধ্যমে এসব অধ্যাদেশ কার্যত বাতিল করতে চায় সরকারি দল। তাদের অভিযোগÑ এর মাধ্যমে আবারও প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করা হচ্ছে, যা ‘জুলাই সনদ’-এর পরিপন্থী। এ নিয়ে জামায়াতের সংসদ সদস্যরা বিশেষ কমিটির বৈঠকগুলোতে ধারাবাহিকভাবে আপত্তি জানিয়ে আসছেন। সেখানে সমাধান না হলে ইস্যুগুলো সংসদে উত্থাপন করে অধিবেশন উত্তপ্ত করার ইঙ্গিতও দিয়েছেন তারা।
আজকের কার্যসূচিতে রয়েছেÑ প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসের নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা। রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত–এনসিপি জোট সংসদ থেকে ওয়াকআউট করলেও ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার কথা রয়েছে।
বিশেষ কমিটির বৈঠকও আজ : এদিকে আজ রবিবার অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির মুলতবি বৈঠকও অনুষ্ঠিত হবে। বিগত বৈঠকগুলোতে ১১৩টি অধ্যাদেশের বিষয়ে কমিটির সদস্যরা একমত হলেও অবশিষ্ট ২০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে। আজকের বৈঠকে গণভোট অধ্যাদেশসহ অবশিষ্ট অধ্যাদেশগুলোর ভাগ্য নির্ধারণ হবে।