রাজশাহী অফিস
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৩:৫৭ পিএম
রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্তমানে পুলিশের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগের ঐতিহ্যমন্ডিত যেকোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে শনিবার আয়োজিত ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইন সবার প্রতি সমান উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের জন্য দিয়ে যাচ্ছে। আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের এই রূপান্তরকালে আপনাদের নিজেদেরকে উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে চেইন অব কমান্ড শৃঙ্খলা আনুগত্য ও সমানত্ব নেতৃত্বই একটি বাহিনীর মূল শক্তি। আইনের চোখে সবাই সমান।
মন্ত্রী বলেন, দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। পুলিশের জনবল বৃদ্ধিতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
এসময় তিনি জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করা হচ্ছে। এই কমিশনের কাজ হবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা।
বক্তব্যের শুরুতে তিনি মুক্তিযুদ্ধের শহীদ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন।
এর আগে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। ২০২৫ সালের ১ মার্চ শুরু প্রশিক্ষণে অংশ নেন ৮০ জন। যাদের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে ৭২ ক্যাডার। এদের মধ্যে নারী ক্যাডার ৬ ও পুরুষ ক্যাডার ৬৬ জন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মেনু, পুলিশের আইজিপিসহ বিভিন্ন আসনের এমপি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।