প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ০২:৫২ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬ ০৩:১২ এএম
ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার গভীর রাতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, 'জলসিঁড়ি আবাসন' প্রকল্পে শতকোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ শেয়ার ব্যবসা এবং অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগে প্রায় দেড় বছর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের মে মাসে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলায় তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।