× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনে সচিব পদে বড় রদবদল ও নিয়োগ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ০২:০৮ এএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে সচিব পদে বড় ধরনের রদবদল ও নতুন নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় বুধবার মধ্যরাতে এ নিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ রদবদল ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, একাধিক সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন করে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সচিবকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাদের সরানো হয়েছে তাদের অনেকেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। অন্যদিকে, দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত কর্মকর্তাদের এবার গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।

এ রদবদলের ফলে প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে নেতৃত্বে পরিবর্তন এসেছে। বিশেষ করে অর্থনৈতিক, পরিকল্পনা, সংসদ সচিবালয়, প্রবাসী কল্যাণ, পরিবেশ এবং আইসিটি খাতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এস এম এবাদুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইআরডির বর্তমান সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সংসদ সচিব মিসেস কানিজ মওলাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব করা হয়েছে। এ বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে।

ন্যাশনাল ডিফেন্স কলেজের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের বর্তমান সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদায়ন করা হয়েছে। এ বিভাগের সচিব নাজমা মোবারেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি, অভিজ্ঞতা কাজে লাগানো এবং নীতি বাস্তবায়নে গতি আনতেই এ ধরনের রদবদল নিয়মিত করা হয়। সচিবরা সরকারের মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন পদায়নের মাধ্যমে প্রশাসনে ভারসাম্য রক্ষা এবং কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুত কাজে যোগ দিলে এ পরিবর্তনের বাস্তব প্রভাব স্পষ্ট হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা