প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২৩:৫৯ পিএম
ঈদুল ফিতরের ছুটি শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী। ছবি: সংগৃহীত
কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনে প্রদত্ত অবদান সরকার যথাযথ মাধ্যমে মূল্যায়ন করবে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন এলে দেশ উপকৃত হবে।
মন্ত্রী বলেন, পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঈদ উদযাপনের ঐতিহ্যÑ সেমাই, শিরনি ও পোলাওসহ নানা আয়োজন-আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ ও সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
তিনি দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া এবং দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইমাম উদ্দীন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।