প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:০২ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬ ২২:৫০ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: বাসস
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্যে ইরানে অবস্থানরত কোনো বাংলাদেশি যদি অনিরাপদ বোধ করে এবং দেশে ফিরে আসতে চায়, তাহলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার ইরানে থাকা বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যারা নিজেদেরকে অনিরাপদ ফিল করছে, যারা আসতে চাচ্ছে, তারা যাতে ঠিকমত আসতে পারে বাংলাদেশে। নিরাপত্তার সাথে আসতে পারে, সেটা আমরা দেখছি এবং সেটার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব কাজ করছে। আমাদের বিমান এবং সিভিল এভিয়েশন কাজ করছে এবং চার্টারড ফ্লাইটে করে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসব”।
ইরানে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়াটাই এখন সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, “আমাদের যে বাংলাদেশি নাগরিকরা ওখানে রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাদেরকে নিরাপত্তা দেওয়াটাই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই লক্ষ্যে আমাদের মিশনগুলো কিন্তু টুয়েন্টিফোর সেভেন কাজ করে যাচ্ছে”।
বতমানে যারা অনিরাপদের আছেন তাদের নিরাপদে নেওয়া হচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “আমাদের বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখা, তাদের ওয়ার এবাউট, তারা কোথায় আছে, নিরাপদ আছে নাকি বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেন তাৎক্ষণিকভাবে তাদেরকে নিরাপদ জায়গায় নিতে পারি। এই সকল দেশে সেই কাজটাও কিন্তু আমরা করে যাচ্ছি।
“আমাদেরকে যদি কেউ যোগাযোগ করছে বা আমাদেরকে যদি বাংলাদেশে রিটার্ন করার ব্যাপারে কোনো বাংলাদেশি নাগরিক আগ্রহ দেখাচ্ছে সেটা আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি”, বলেছেন তিনি।
ঈদের আগেরদিনও ইরান থেকে অনেকেই দেশে ফিরেছে, সেটি স্মরণ করিয়ে তিনি বলেন, “রোজার ঈদের আগের রাতেই ১৮৬ জনকে আমরা তেহরান থেকে ফেরত আনতে পেরেছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে, যেসব বাংলাদেশিরা এখন এসব মধ্যপ্রাচ্যের দেশে আছে তাদের সবার পক্ষে আসা সম্ভব না। এবং যেহেতু তারা বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের একটা বাইন্ডিংস এর মধ্যে তারা থাকে”।