প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২০:২৬ পিএম
মার্কিন ডলার। ছবি: রয়টার্স/ফাইল
দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইয়ে দিচ্ছে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স। চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনেই দেশে ২ দশমিক ৮৩ বিলিয়ন (২৮২ কোটি ৮০ লাখ) যুক্তরাষ্ট্র ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে ৭.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছরের মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৩৩ মিলিয়ন (২.৬৩ বিলিয়ন) মার্কিন ডলার।
তথ্য অনুযায়ী, কেবল মাসিক ভিত্তিতেই নয়, চলতি অর্থবছরের সামগ্রিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের শুরু (জুলাই) থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট ২৫ হাজার ২৮১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২১ হাজার ১২৩ মিলিয়ন যুক্তরাষ্ট ডলার।