বাসস
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৩:২০ পিএম
রমজানের বিশেষ সময়সূচি শেষে মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলছে। ফাইল ছবি: বাসস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে আবারও চালু হয়েছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান।
রমজানের বিশেষ সময়সূচি শেষে মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলছে।
এর আগে রমজান মাসে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অসংখ্য মানুষ।
দীর্ঘ ছুটির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ ঢাকায় ফিরে এসেছেন।
ঢাকার ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত ২১ মার্চ উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
এ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল।
অন্যদিকে, ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে, যা সোমবার শেষ হয়েছে।
তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে সংক্ষিপ্ত ছুটি ছিল। এসব প্রতিষ্ঠানে ঈদের আগের দিন থেকে শুরু হয়ে ঈদের পরদিন পর্যন্ত তিন দিনের ছুটি পালন করা হয়েছে।