× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১০:১০ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৬ ১১:২২ এএম

এক-এগারোর সময় মইন উ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাসুদ প্রভাবশালী কমিটির কার্যক্রম পরিচালনা করতেন।

এক-এগারোর সময় মইন উ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাসুদ প্রভাবশালী কমিটির কার্যক্রম পরিচালনা করতেন।

এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ (অব.) উদ্দিন চৌধুরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

ঢাকার বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। তবে মামলাগুলোর বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এক-এগারোতে তার ভূমিকা

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। এক-এগারোর পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পান।

তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন ছিলেন ওই কমিটির প্রধান। তবে পর্দার আড়ালে থেকে যৌথবাহিনীর কার্যক্রম পরিচালনায় মাসুদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে ধারণা করা হয়।

সেই সময়ে যৌথবাহিনী শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করত এবং দুর্নীতির অভিযোগে মামলা দিত।

রাজনৈতিক অস্থিরতা ও এক-এগারো 

২০০৬ সালের শেষদিকে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে বিরোধী দলগুলোর আন্দোলন বাড়ে।

সহিংসতা ও অস্থিরতার মধ্যে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে বাতিল করা হয় ২২ জানুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রধান উপদেষ্টার পদ ছাড়েন ইয়াজউদ্দিন।

এই ঘটনাপ্রবাহ ‘ওয়ান ইলেভেন’ নামে পরিচিতি পায়। সে সময় ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যেখানে মাসুদ উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সেনা কর্মকর্তা থেকে সংসদ সদস্য

এক-এগারোর সময় মইন উ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাসুদ প্রভাবশালী কমিটির কার্যক্রম পরিচালনা করতেন। বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি ব্যবসায়ীদেরও আটক করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা এবং তারেক রহমানের বিরুদ্ধেও সে সময় মামলা হয়। ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে তখন ব্যাপক আলোচনা ছিল।

একই সময়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘নাগরিক পার্টি’ গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

২০০৮ সালে মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তার মেয়াদ বাড়ায় এবং ২০১১ সাল পর্যন্ত দায়িত্বে রাখে।

১৯৭৫ সালে রক্ষী বাহিনীতে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা পরে সেনাবাহিনীতে আত্মীকৃত হন। অবসরের পর ব্যবসায় যুক্ত হওয়ার পাশাপাশি ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা