প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৭:২০ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬ ১৭:২১ পিএম
ডিএমপি লোগো। ফাইল ছবি
ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ বর্ধিতাংশ সরিয়ে নিতে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৩১ মার্চের মধ্যে এসব স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে না নিলে ১ এপ্রিল থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের মালামাল দোকানের বাইরে ফুটপাত ও রাস্তায় রেখে ব্যবসা পরিচালনা করছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে— রেস্টুরেন্টের রান্নার বার্নার, গ্রিল বা কাবাব তৈরির মেশিন; ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি এবং আসবাবপত্রের দোকানের ফার্নিচার ফুটপাতে রাখার ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
ডিএমপি আরও জানায়, অনেক ক্ষেত্রে মোটরগাড়ির ওয়ার্কশপগুলো রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করে, যার ফলে যানজট সৃষ্টি হয় এবং পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এ অবস্থায় জনস্বার্থে অবিলম্বে এসব মালামাল ও সরঞ্জামাদি সরিয়ে ফেলার অনুরোধ জানানো হলো।
অভিযান ও শাস্তির হুঁশিয়ারি
গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মহানগরজুড়ে ‘সামারি ট্রায়াল’ বা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এই অভিযানে আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।