ইরান যুদ্ধ
ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৪:৪৪ পিএম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে সোমবার সকালে ‘নেহা নদী’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে দেশের সামনে কঠিন সময় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যুদ্ধের প্রভাবে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে সোমবার সকালে ‘নেহা নদী’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকল্পটির আওতায় আগামী তিন মাসের মধ্যে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার নদী পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে বড় সংকট তৈরি হয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ কমে যাচ্ছে।
তিনি বলেন, “এ কারণে সামনে খুব ভালো সময় নয়, বরং কঠিন সময় অপেক্ষা করছে।” এই পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, যুদ্ধের প্রভাবে দেশের তেলের দাম বাড়বে এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে। এই বাস্তবতা মেনে নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।
ধর্ম নিয়ে ব্যবসা না করার আহ্বান
মির্জা ফখরুল বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে দেখায়। তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, কিছু নেতা বেহেশতে যাওয়ার টিকিট দেওয়ার কথা বলেছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি।
তিনি বলেন, কাজ ও ইবাদতের মাধ্যমে মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব এবং সেটিই তাদের লক্ষ্য।
ধর্ম নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্ম মানুষের অন্তরের বিষয়। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ এবং তারা ধর্মকে ভালোবাসে, তবে ধর্মের অপব্যবহার পছন্দ করে না।
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ যেন গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ না করে। আইন মেনে চলতে হবে।”
কাজ করতেই ক্ষমতায় এসেছে বিএনপি
বিএনপির বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এবং খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।
তিনি দাবি করেন, তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন এবং দেশের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।
নিজের বয়স ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমি এখনও বসে নেই, দেশজুড়ে কাজ করে যাচ্ছি, কারণ আমরা তারেক রহমানকে সমর্থন দিয়ে এগিয়ে নিতে চাই।”
তিনি বলেন, দেশের উন্নয়ন একদিনে সম্ভব নয়, তাই জনগণকে সময় দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমানের স্লোগান উল্লেখ করে তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’— এটি একটি অর্থবহ প্রতিশ্রুতি।
তিনি বলেন, বিএনপি কাজ করার জন্যই ক্ষমতায় এসেছে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
সম্প্রীতি ও নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা
হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা বিএনপিকে সমর্থন দিয়েছে। সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের শক্তি এখানেই—ধর্মে ধর্মে বিভক্ত নয়, বরং সহাবস্থানের দেশ।”
দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সবাইকে সঠিক পথে চলতে হবে। কোনো অনিয়ম সহ্য করা হবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি সব নজরে রাখছি। কোনো ভুল করলে ক্ষমা করা হবে না, প্রয়োজন হলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।