ইউএনবি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৮:৫৪ পিএম
ছবি: ইউএনবি
ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের এই পদক্ষেপকে ‘বেপরোয়া হামলা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলাটি ব্যর্থ হয়েছে। ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটির কতটা কাছাকাছি ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছাতে পেরেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ‘আগ্রাসী আচরণ’ এবং হরমুজ প্রণালিকে জিম্মি করে রাখা যুক্তরাজ্য ও তার মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য বড় হুমকি।
উল্লেখ্য, শুক্রবারই ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল যে, হরমুজ প্রণালিতে ইরানের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো দিয়েগো গার্সিয়াসহ ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। এর প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার মাত্রা বাড়ানোর ঘোষণা ইসরায়েলের
এদিকে, ইরানের বিরুদ্ধে অভিযানের তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আগামী সপ্তাহ থেকে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াবে”।
কাটজের এই কড়া হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা
ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রেও শনিবার বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। হামলার পর তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কেন্দ্রে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি বলে দাবি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজধানী তেহরানে রাতভর ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জাতিসংঘের পারমাণবিক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, তারা এ হামলার বিষয়ে অবগত হয়েছে এবং তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে ইরান তাদের জানিয়েছে। তবে বিষয়টি পর্যবেক্ষণ করছে সংস্থাটি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এই হামলাগুলো ঘটল। এর আগে যুদ্ধের প্রথম সপ্তাহেও নাতানজ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
অন্যদিকে, ইরাকের রাজধানী বাগদাদে দেশটির গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ড্রোন হামলায় একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
এ ছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি খালি কিন্ডারগার্টেনে আঘাত হানে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।