বাসস
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৫:৩২ পিএম
পবিত্র ঈদুল ফিতরের দিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় শনিবার সকাল ১০টা ২০ মিনিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে আসেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। তারা একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়ময় করেন।
কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে, সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লি ও দেশবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।