জাতীয় ঈদগাহ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১০:২৬ এএম
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: ভিডিও থেকে নেওয়া
ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা অংশ নেন।
ঈদের এ প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক, যিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব।
ঈদগাহে নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। প্রায় সাড়ে ৩ হাজার নারীসহ মোট প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের নির্দিষ্ট স্থান নিশ্চিত করা হয়।
এর পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমও প্রস্তুত ছিল।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেয়। জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে তল্লাশির মাধ্যমে ঈদগাহে প্রবেশ করেন। তিন স্তরের নিরাপত্তা তল্লাশি শেষে মুসল্লিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।
এদিকে, মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন। জামাত শুরুর অনেক আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।