প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম
একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে
ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাত।
প্রধান জামাতে আরও অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মো. আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি।
ঈদের নামাজে ইমামতি করেন মুফতি মোহাম্মদ আবদুল মালেক, যিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ জামাত উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এবারও নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ভিআইপি ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা, পর্যাপ্ত অযুখানা এবং মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়।
সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য আলাদা ব্যবস্থা ছিল।