বাসস
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ০৬:৫০ এএম
ফাইল ফটো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে আজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান ঈদ জামাত। এতে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জানা গেছে, সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। উপস্থিত থাকবেন বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক এবং জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জামাতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নামাজ শেষে রাষ্ট্রপতি উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই জামাতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। পুরো ঈদগাহ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় ঈদগাহে আগত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।