প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ১৭:০৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ফটো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জনগণসহ সমগ্র দেশের মানুষের প্রতি এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে মুসলমানদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে”।
ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক এবারের ঈদের অঙ্গীকার”।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বার্তায় তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন।