× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সদরদপ্তরে খালেদা জিয়ার স্মৃতি মুছে দেওয়া সেই কর্মকর্তা এখন ‘ভোল পাল্টে’ দাপটে

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ ২১:০৫ পিএম

পুলিশ সদরদপ্তর। ছবি: বাসস

পুলিশ সদরদপ্তর। ছবি: বাসস

বিগত বিএনপি সরকারের আমলে পুলিশ অধিদপ্তর (পুলিশ সদরদপ্তর) প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোপণ করা দুটি কাঠবাদাম গাছ কেটে ফেলার ঘটনা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই ঘটনার নেপথ্যে ছিলেন পুলিশ অধিদপ্তরের বর্তমান এক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি)। তৎকালীন আওয়ামী সরকারের অতি ঘনিষ্ঠ ও প্রভাবশালী হিসেবে পরিচিত এই কর্মকর্তা বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি ‘ভোল পাল্টে’ বিএনপি সমর্থক সেজে আবারও দাপট দেখাচ্ছেন বলে জানা গেছে।

গাছ কাটার সেই নেপথ্য কাহিনী

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি সরকারের সময় এক রাষ্ট্রীয় সফরে পুলিশ সদরদপ্তরে গিয়ে দুটি কাঠবাদাম গাছ রোপণ করেছিলেন বেগম খালেদা জিয়া। সদরদপ্তরের সামনের ফোয়ারার দুপাশে গাছ দুটি দীর্ঘ সময় ধরে বেড়ে উঠেছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদরদপ্তর সফরের প্রাক্কালে গাছ দুটি কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, সেই সময় সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে কর্মরত ওই কর্মকর্তা ঊর্ধ্বতনদের বোঝাতে সক্ষম হন যে, সদরদপ্তরে বিএনপি সরকারের কোনো ‘চিহ্ন’ রাখা সমীচীন হবে না। মূলত তার একক নির্দেশেই গাছ দুটি কেটে ফেলা হয়। পরবর্তীতে তিনি বিষয়টিকে ‘রাজনৈতিক আনুগত্যের প্রতীকী পদক্ষেপ’ হিসেবে প্রচার করে তৎকালীন সরকারের গুডবুকে নাম লেখান।

ভোল পাল্টে আবারও দাপটে সেই কর্মকর্তা

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই কর্মকর্তা আবারও ভোল পাল্টেছেন। সূত্র বলছে, আগের সরকারের সুবিধাভোগী এবং দুই সাবেক আইজিপির অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি দুর্নীতির অভিযোগে তার পদোন্নতিও এক সময় আটকে ছিল। তবে বর্তমানে তিনি নিজেকে বিএনপি ঘরানার কর্মকর্তা হিসেবে জাহির করে পুলিশ অধিদপ্তরে নিজের প্রভাব টিকিয়ে রেখেছেন। বর্তমানে তার পরামর্শেই অনেক দক্ষ ও পেশাদার কর্মকর্তার বিরুদ্ধে ‘আওয়ামী ট্যাগ’ লাগিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

সহকর্মীদের সাথে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ

অধিদপ্তরের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই কর্মকর্তা কেবল গাছ কাটার মতো রাজনৈতিক বিদ্বেষমূলক কাজই করেননি, বরং অধস্তন কর্মকর্তাদের সাথে চরম দুর্ব্যবহারের জন্যও পরিচিত। অতীতে এক ট্রাফিক পরিদর্শকের সঙ্গে তার অশোভন আচরণের ঘটনা পুলিশ বাহিনীতে বেশ আলোচিত হয়েছিল। এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন অসংখ্য পেশাদার কর্মকর্তার ক্যারিয়ার ধ্বংস করতে তিনি বিতর্কিত প্রতিবেদন দাখিল করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বিদেশে অর্থ পাচার ও তদন্তের দাবি

জানা গেছে, গত ১৫ বছরে দুই বিতর্কিত আইজিপির ডানহাত হিসেবে কাজ করে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পুলিশের অভ্যন্তরীণ একাধিক বিভাগে পর্যালোচিত হচ্ছে। তবে ক্ষমতার দাপটে বারবার তিনি পার পেয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ কর্মকর্তারা।

বিশ্লেষকদের অভিমত

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে রোপিত স্মারক গাছ বা স্থাপনা জাতীয় সম্পদ। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা এ ধরনের কর্মকাণ্ড করেন এবং বারবার আদর্শ পরিবর্তন করে সুবিধা নেন, তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও শৃঙ্খলা সংকটে পড়তে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা